সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

নিকলীতে নবনিযুক্ত ইউএনও শারমিন আক্তারের মতবিনিময় সভা

শেখ ওবায়দুল হক প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নিকলীতে নবনিযুক্ত ইউএনও শারমিন আক্তারের মতবিনিময় সভা

 

কিশোরগঞ্জের নিকলীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনিযুক্ত ইউএনও শারমিন আক্তারের নিকলী উপজেলা প্রশাসনে দায়িত্ব পালনকালে প্রশাসন পরিচালনা, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা নিকলী উপজেলার সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, কৃষির উন্নয়ন ও আধুনিকায়ন, প্রশাসনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সেবা সহজতর করার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নাগরিকদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

প্রায় এক ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় উপস্থিত বক্তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন নবনিযুক্ত ইউএনও শারমিন আক্তার।

বক্তাদের বক্তব্য শেষে ইউএনও শারমিন আক্তার বলেন, নিকলী উপজেলা প্রশাসনে তাঁর কর্মকালীন সময়ে উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে কাজ করবেন। উপজেলাবাসীর কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার পাশাপাশি তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম), উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ওবায়দুল হক সম্রাটসহ স্থানীয় সাংবাদিকরা।

নিকলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
নিকলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের নিকলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিকলী সাব-রেজিস্ট্রার অফিস মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিকলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ উসমানগণী সিরাজী। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা প্রভাষক মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-৪ মুফতি আবু হানিফ।

সম্মেলনে বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলা শাখার নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে মাওলানা মুহাম্মাদ উসমানগণী সিরাজী, সহসভাপতি পদে মাওলানা মুফতি নাঈমুল হক ইযহারী এবং সাধারণ সম্পাদক পদে মাওলানা শেখ সাদীকে মনোনীত করা হয়।

পরে প্রধান অতিথি নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান।

নতুন নেতৃত্বকে ঘিরে উপজেলা শাখার নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সম্মেলনে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন।

কিশোরগঞ্জে তিন দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের গ্রেপ্তার ৫৮, এক দিনেই ২৯

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে তিন দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের গ্রেপ্তার ৫৮, এক দিনেই ২৯

কিশোরগঞ্জে গত তিন দিনের অভিযানে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে। রোববার (৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের দুই দিনেও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে গত তিন দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর থানার আটজন, পাকুন্দিয়ার পাঁচজন, কটিয়াদীর তিনজন, হোসেনপুরের তিনজন, নিকলীর দুজন, করিমগঞ্জের দুজন, ইটনার দুজন, কুলিয়ারচরের একজন, ভৈরবের একজন, বাজিতপুরের একজন ও তাড়াইলের একজন রয়েছেন।

অন্যদিকে, গত তিন দিনে গ্রেপ্তার ৫৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর থানায় ১৩ জন, কটিয়াদীতে ১১ জন, পাকুন্দিয়ায় আটজন, হোসেনপুরে পাঁচজন, নিকলীতে চারজন, করিমগঞ্জে চারজন, ইটনায় চারজন, ভৈরবে তিনজন, মিঠামইনে দুজন, কুলিয়ারচরে দুজন, বাজিতপুরে একজন ও তাড়াইলে একজন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটির নেতারাও রয়েছেন। আবার কোনো কমিটিতে পদ-পদবি নেই—এমন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা বলা হলেও, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিউটন দাস চণ্ডীপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে হাওরে যান নিউটন দাস। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিউটন দাসের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে রেখে তাঁর এমন মৃত্যুতে পরিবারটি গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।