তাড়াইলে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে দিগদাইড় ইউনিয়নের করাতি বন্দের কুবাদিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এলাকাবাসীর কেউ তাকে চেনেনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।










