মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জের হোসেনপুরে UAPO’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

রেজাউল হক প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জের হোসেনপুরে UAPO’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে ইউনাইটেড অ্যাকশন ফর পিপলস অর্গানাইজেশন (UAPO)-এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় মধ্য পুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫টি দরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে UAPO’র নির্বাহী পরিচালক মো. এমদাদ উদ্দিন সবুজ বলেন, বর্তমানে আমাদের দুটি প্রকল্প চালু রয়েছে—একটি বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা, অন্যটি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ। এছাড়া শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং রমজান মাসে খাদ্যসামগ্রী বিতরণসহ আরও বিভিন্ন সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ৫ জন উপকারভোগীর মাঝে গরু বিতরণ করা হলেও ধাপে ধাপে এ সংখ্যা বৃদ্ধি করা হবে। উপকারভোগীরা যদি সঠিক নিয়মে প্রাপ্ত সম্পদের যত্ন নেন, তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে তাদের সহযোগিতা করা হবে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (BNF) সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে UAPO’র সভাপতি মোছা. ফাতেমা আক্তার শিল্পী বলেন, “আজকের বিনামূল্যের গরুটি শুধু একটি সহায়তা নয়—এটি একটি পরিবারের জন্য নতুন সূচনা।”

২০১১ সাল থেকে UAPO কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলায় তাদের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিনামূল্যে গরু পাওয়া স্বামীহারা বৃদ্ধা জড়না (৬০) বলেন, “৪ মেয়ে ও ১ ছেলে নিয়ে স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। গরুটি পাওয়ায় খুব খুশি হয়েছি। এটিকে পরিচর্যা করে বাড়াতে চাই, যাতে আমার সংসারের অভাব কিছুটা দূর হয়।” স্বামীহারা দু’সন্তানের জননী শেফালীও একই প্রতিক্রিয়া জানান।

এলাকাবাসীরা জানান, যারা গরু পেয়েছেন তারা সত্যিই অত্যন্ত অসহায়। তবে আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে আরও বেশি অসহায় পরিবারকে সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. কাইয়ূম, ইউপি সদস্য মোফাজ্জল ও মো. শহিদুল ইসলাম; UAPO’র প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর ফকির; সুপরিচিত সমাজ উন্নয়ন সংস্থা ফেয়ার-এর নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান; UAPO’র সহ-সভাপতি মো. শাহজাহানসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে গরু বিতরণ সম্পন্ন হয়।

উপস্থিত অতিথিরা বলেন, এই কর্মসূচির মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো তাদের আর্থিক উন্নয়নে নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ আ. মান্নান (৩৫) নামে এক শীর্ষ মাদককারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আ. মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় তালিকাভুক্ত একজন শীর্ষ মাদককারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আ. মান্নান পালানোর চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং তরুণ সমাজকে বিপথগামী করছিলেন। মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, “মাদক ও কিশোর গ্যাং নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ সোরাপ মিয়া (৩২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরব লোকাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের লিখিত বক্তব্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সোরাপ মিয়া র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে দেশীয় মদ থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ইজিবাইকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫ (পঁচাত্তর) লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

আটক মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

নিকলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
নিকলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেস আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানটি বেলা ২টায় শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাদ্দাম হোসেন মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এতে কৃষিবিদরা স্থানীয় কৃষির উন্নয়ন, অধিক ফলন নিশ্চিতকরণ, উন্নত জাতের বীজ ব্যবহার, আধুনিক কৃষিযন্ত্রের সর্বোচ্চ প্রয়োগ এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, খাদ্য প্রক্রিয়াজাতকরণে গুণগত মান বজায় রাখা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিমুখী কৃষি উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য সংগ্রহ এবং তার সঠিক প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।

বর্তমান বোরো মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকদের ৮০ শতাংশ ধান পাকার সঙ্গে সঙ্গে দ্রুত ফসল কেটে নেওয়ার পরামর্শ দেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সামাদ, উপজেলা সমবায় কর্মকর্তা ছালেহা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন এবং নিকলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ উবাইদুল হক সম্রাটসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।