বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
“মানবতার স্পর্শে বদলে যাক সমাজ, চলুন দয়া ও দানের সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশন শীতার্ত, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার বাহেরবালী গ্রামে শতাধিক শীতার্ত মানুষের হাতে বিনামূল্যে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাহেরবালী মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান আনোয়ার এবং মাইজচর ইউপি সদস্য মো. এরশাদ মিয়া।
বক্তারা বলেন, শীতবস্ত্র বিতরণ কেবল সহায়তা নয়; এটি সমাজে মানবিকতা ও দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আরও জানান, প্রতিষ্ঠার পর থেকেই বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশন গ্রামবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মসজিদ–মাদরাসা নির্মাণ, সড়ক সংস্কার, অসহায়দের চিকিৎসা সহায়তা থেকে শুরু করে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো—প্রতিটি উদ্যোগেই রয়েছে সংগঠনটির আত্মনিয়োগ ও আন্তরিকতা।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। তারা বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবতার আলো ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array