অনুমতি ছাড়া ইতালি যাত্রা—অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আনোয়ার বরখাস্ত
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন খানকে অনুমতি ছাড়া বিদেশ যাওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত ২৫ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ইউপি সচিব মো. বোরহান উদ্দিন।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান আনোয়ার হোসেন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ইতালি যাওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৪(৪) ধারা অনুযায়ী অপরাধ সংঘটিত হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তা জানিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তার দ্বারা ক্ষমতা প্রয়োগ প্রশাসনিকভাবে আইন বহির্ভূত এবং জনস্বার্থবিরোধী হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এদিকে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের নির্যাতন, হত্যা মামলার আসামি থাকা এবং এলাকায় আধিপত্য বিস্তারের মতো নানা অভিযোগের কারণে দীর্ঘদিন ধরে আলোচিত। তবে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array