বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২

সম্প্রীতির বার্তা নিয়ে একসঙ্গে দৌড়ালেন সংসদ সদস্য প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২:৩২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সম্প্রীতির বার্তা নিয়ে একসঙ্গে দৌড়ালেন সংসদ সদস্য প্রার্থীরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে একসঙ্গে দৌড়ালেন বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সিনেমা হল মোড় থেকে খাঁ বাড়ি মোড় পর্যন্ত বাইপাস সড়কে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়। এতে অংশ নেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের বিভিন্ন দলের সংসদ সদস্য প্রার্থীরা।

পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর। স্থানীয় তরুণেরা পানি সরবরাহ, তালি ও উৎসাহের মাধ্যমে দৌড়বিদদের অনুপ্রাণিত করেন। নির্বাচনের আগে এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মাঝে শান্তি, সৌহার্দ্য ও সহনশীলতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

পিএফজি কো-অর্ডিনেটর আ ন ম তানভীর হায়দার ভূঁইয়া বলেন, “আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার। এটি প্রতিযোগিতার দৌড় নয়, বরং শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান।” তিনি জানান, ম্যারাথনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ খেলাফতে মজলিসের মনোনীত প্রার্থীরা অংশ নেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ এনামুল হক বলেন, এমন আয়োজন নির্বাচনী উত্তেজনা কমাতে সহায়ক। তার মতে, ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ সবচেয়ে বেশি প্রয়োজন।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, “সুস্থ প্রতিযোগিতা, শান্তিপূর্ণ নির্বাচন এবং পারস্পরিক সম্মানের বিষয়ে আমরা সবাই একমত।”
বিএনপির প্রার্থীর পক্ষে দৌড়ানো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মাসুদ বলেন, “প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়—এই বার্তাই আমরা দিতে চাই।”

ম্যারাথনে আরও অংশ নেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবুল বাশার রেজওয়ান, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানী, এনসিপির পক্ষে নীরব আহমেদ রুবেল, গণঅধিকার পরিষদের পক্ষে শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আক্তারুজ্জামান, পিএফজি কো-অর্ডিনেটর আ ন ম তানভীর হায়দার ভূঁইয়া, সদস্য অধ্যাপক তরিকুল ইসলাম শাহীন, খ ম মহিবুল্লাহ বচ্চন ও পিস অ্যাম্বাসেডর জাহানারা খাতুন প্রমুখ।

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মৃত বিএনপি নেতা ডাবলুর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মৃত বিএনপি নেতা ডাবলুর জানাজা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়।

ডাবলুর ছোট ভাই ও মা লন্ডন থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর, চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএর সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ, সিআইপি আলহাজ সাহিদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু, সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন,
‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই দেশে আমরা এ ধরনের মৃত্যু প্রত্যাশা করি না। ডাবলুর মৃত্যুর সঠিক বিচার চাই। ভবিষ্যতে যেন আর কাউকে এভাবে প্রাণ দিতে না হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন,
‘জেলা পুলিশের পক্ষ থেকে আমরা অত্যন্ত মর্মাহত। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘটনার সুষ্ঠু বিচারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠান হাফিজা ফার্মেসির সামনে থেকে ডাবলুকে আটক করা হয়। পরে রাত ১২টার পর তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরাপত্তাহীনতা ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
নিরাপত্তাহীনতা ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

রিটে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশনের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে নির্বাচনী আসন সমঝোতা সংক্রান্ত পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় ১১ দলের পক্ষ থেকে ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, অনিবার্য কারণেই সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হয়েছে। তিনি জানান, এখনো কিছু প্রস্তুতির কাজ বাকি রয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের নতুন তারিখ জানানো হবে।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়েছিল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল।