মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সূর্য যেন ছুটি নিয়েছে, ঠান্ডায় হোসেনপুরে বিপর্যস্ত জনজীবন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সূর্য যেন ছুটি নিয়েছে, ঠান্ডায় হোসেনপুরে বিপর্যস্ত জনজীবন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দেখা মিলছে না সূর্যের। টানা দুদিন ধরে হঠাৎ নেমে আসা হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা কনকনে হিমশীতল হাওয়া এবং মাঝারি থেকে ঘন কুয়াশায় উপজেলার সর্বত্র স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

কনকনে শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়েছে। একই সঙ্গে হতদরিদ্র ও নিম্নআয়ের দিনমজুর মানুষের আয়-রোজগারের ওপরও পড়েছে বিরূপ প্রভাব।

‘মাঘের শীত বাঘের গায়ে’—খনার এই প্রবাদটি যেন এখন পৌষের শীতের ক্ষেত্রেও বাস্তব হয়ে উঠেছে। তীব্র শীতে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত নানা রোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

হঠাৎ তাপমাত্রার পারদ নিচে নেমে যাওয়ায় বোরো বীজতলা ও গমের ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। কৃষিবিদদের মতে, কম তাপমাত্রা গম চাষের জন্য কিছুটা উপযোগী হলেও বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’র ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী শীতের কারণে শীতকালীন সবজির উৎপাদন নিয়েও উদ্বিগ্ন কৃষকরা।

কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গত দুদিন ধরে দিনের বেলায় শীত কিছুটা কম অনুভূত হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তুরে হিমেল হাওয়ায় ঠান্ডার তীব্রতা বেড়ে যায়। গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ।

উত্তুরে হিমেল হাওয়া ও প্রচণ্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে নদ-নদী তীরবর্তী চরাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকায় সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে ছিন্নমূল ও দিনমজুর শ্রেণির মানুষের কষ্ট বেড়েছে। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ কাজে বের হতে পারছেন না, একই সঙ্গে ছোট ছোট শিশুরাও নিয়মিত স্কুলে যেতে পারছে না।

কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ আ. মান্নান (৩৫) নামে এক শীর্ষ মাদককারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আ. মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় তালিকাভুক্ত একজন শীর্ষ মাদককারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আ. মান্নান পালানোর চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং তরুণ সমাজকে বিপথগামী করছিলেন। মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, “মাদক ও কিশোর গ্যাং নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ সোরাপ মিয়া (৩২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরব লোকাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের লিখিত বক্তব্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সোরাপ মিয়া র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে দেশীয় মদ থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ইজিবাইকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫ (পঁচাত্তর) লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

আটক মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

নিকলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
নিকলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেস আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানটি বেলা ২টায় শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাদ্দাম হোসেন মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এতে কৃষিবিদরা স্থানীয় কৃষির উন্নয়ন, অধিক ফলন নিশ্চিতকরণ, উন্নত জাতের বীজ ব্যবহার, আধুনিক কৃষিযন্ত্রের সর্বোচ্চ প্রয়োগ এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, খাদ্য প্রক্রিয়াজাতকরণে গুণগত মান বজায় রাখা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিমুখী কৃষি উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য সংগ্রহ এবং তার সঠিক প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।

বর্তমান বোরো মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকদের ৮০ শতাংশ ধান পাকার সঙ্গে সঙ্গে দ্রুত ফসল কেটে নেওয়ার পরামর্শ দেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সামাদ, উপজেলা সমবায় কর্মকর্তা ছালেহা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন এবং নিকলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ উবাইদুল হক সম্রাটসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।