আড়াইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় কামরুজ্জামান সোহেল
হোসেনপুর উপজেলা-এর রাজনীতিতে নতুন করে গতি সঞ্চার হয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন জাতীয়তাবাদী কর্মজীবী দল, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সোহেল। রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এ সাবেক ছাত্রনেতা হোসেনপুর উপজেলা শাখা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, হোসেনপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইবাড়িয়া ইউনিয়নের সাতটি গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যা সরাসরি শুনে সমাধানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক ও গণতান্ত্রিক ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন কামরুজ্জামান সোহেল।
এ বিষয়ে তিনি বলেন, জনগণ চাইলে তিনি নেতৃত্ব দিতে প্রস্তুত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার স্বচ্ছ ভাবমূর্তি ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে বলে সমর্থকদের দাবি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ব্যক্তিগত ও সামাজিক প্রয়োজনে তার কাছে গেলে সহযোগিতা পাওয়া যায়- যা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।




