হোসেনপুরে সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা-এ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ইউরিয়া সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। অভিযানে সরকারি বিসিআইসি ডিলার ‘আউয়াল এন্টারপ্রাইজ’-এর মালিক জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ভুক্তভোগী কৃষকদের সরাসরি অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির সত্যতা পাওয়া গেলে সার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, সহকারী কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বলেন, কয়েক দিন আগেও ওই প্রতিষ্ঠানে ভেজাল বীজ ও কীটনাশক পাওয়া গিয়েছিল। পুনরায় অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত পাওয়া গেলে দোকান সিলগালা ও লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array