তোপধ্বনি ও পুষ্পস্তবকে কিশোরগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে কিশোরগঞ্জে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করেন।
বক্তারা বলেন, লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোদিন ভোলার নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ অর্জন করে। শহীদদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জাতির অন্তরে চিরকাল লালিত হবে। তাঁদের আত্মত্যাগ ইতিহাসে অম্লান হয়ে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।
শহীদদের স্মরণে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।







