প্রাথমিক শিক্ষা পদক-২০২৪-এ কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়া হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সোমবার (৩০ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল সাজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রত্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রীতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো রঙিন বেলুন ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দকে নতুনভাবে উজ্জীবিত করে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রত্না বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা যখন হাসিমুখে একে অপরের সঙ্গে মিলিত হয়, তখন বিদ্যালয় প্রাঙ্গণে এক অনন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট মুহাম্মদ জিয়াউল হাসান এবং মাহফুজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম ও ইউআরসি ইনস্ট্রাক্টর মফিজ উদ্দিন ভূঁইয়া।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪’-এ কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মানসম্মত শিক্ষা প্রদান, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম পরিচালনা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং ভালো ফলাফলের ভিত্তিতে প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে।