বাজিতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রিতে জরিমানা
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার (৩০ মার্চ ২০২৬) উপজেলার সরারচর বাজারের সিএনবি রোড (তালগাছতলা) এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ‘কাউসার অটোস’ নামক প্রতিষ্ঠানে পেট্রোল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. কাউছার আহমেদ খানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজারে নিয়মিত তদারকি চালানো হচ্ছে। কেউ যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নজরদারি আরও জোরদার করা হবে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।







