ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে পাকুন্দিয়ায় মানববন্ধন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা নয়াপাড়া এলাকার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
সোমবার(৩০ মার্চ) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী ফসলি জমি ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক ও ট্রাক্টর চলাচলের ফলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে ভীতি তৈরি হয়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা আরও বলেন, একটি অসাধু চক্র ড্রেজারের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর গভীরতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং নদী অববাহিকার জমি দ্রুত নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আশরাফুল ইসলাম, মোনায়েম, ফারুক মিয়া, মফিজ মিয়াসহ স্থানীয়রা। এ সময় বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।













