ভৈরব রেলওয়ে স্টেশনে ছিনতাই: দুই যুবককে ৩ মাস করে কারাদণ্ড
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে রাজু (২৮) ও তরিকুল (১৯) নামের দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার(৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় তাদের আটক করা হয়। পরে উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রাজু নেত্রকোনা জেলার মনসুরপুর গ্রামের সোনা মিয়ার ছেলে এবং তরিকুল কিশোরগঞ্জ জেলার গচিহাটা এলাকার বাবু মিয়ার ছেলে। পরবর্তীতে তাদের ভৈরব রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মো. রিপন মিয়া ঢাকা যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসেন। ট্রেন চলে যাওয়ার পর তিনি বাড়িতে ফোন করার জন্য মোবাইল বের করলে রাজু তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী তাকে ধাওয়া করলে রাজু পড়ে গিয়ে আহত হয় এবং স্থানীয়দের সহায়তায় আটক হয়। তবে পালানোর সময় সে মোবাইলটি তার এক সহযোগীর কাছে দিয়ে দেয়।
একই দিন সকালে অপর অভিযুক্ত তরিকুল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এক যাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে জনতা তাকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
পরে দুই অভিযুক্তই ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভুক্তভোগী রিপন মিয়া বলেন, “আমি ট্রেন ধরতে স্টেশনে এসে দেখি ট্রেন চলে গেছে। বাড়িতে জানাতে মোবাইল বের করতেই ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। পরে ধাওয়া দিলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।”
উপজেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, “আটককৃতরা অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্ট আইনে তাদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”













