নিজেই ট্রাফিক অভিযানে পুলিশ সুপার, ১১ মামলা ও ২ মোটরসাইকেল জব্দ
কিশোরগঞ্জ শহরে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। অভিযানে তিনি নিজেই উপস্থিত থেকে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিশেষভাবে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের সিগন্যাল দিয়ে আটক করা হয়। পরে যেসব চালকের হেলমেট ছিল না, তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করা হয়।
এ ছাড়া যেসব মোটরসাইকেলের কাগজপত্র হালনাগাদ ছিল না, সেগুলো জব্দ করে থানায় নেওয়া হয়। সংশ্লিষ্টরা প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করার পর মোটরসাইকেল ছাড়িয়ে নিতে পারবেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে মোট ১১টি ট্রাফিক মামলা দায়ের করা হয় এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আইন মেনে গাড়ি চালানো একটি সংস্কৃতির অংশ। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।”
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










