কিশোরগঞ্জে নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী
কিশোরগঞ্জের প্রাণপ্রবাহ নরসুন্দা নদীকে দূষণ ও দখলমুক্ত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে শহরের পাগলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করা হয়।
কিশোরগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে এবং ‘কিশোরগঞ্জ ইয়ুথ মুভমেন্ট’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। তারা নদীর বিভিন্ন অংশে জমে থাকা কচুরিপানা, প্লাস্টিক ও ময়লা-আবর্জনা অপসারণে অংশগ্রহণ করেন। অভিযানের মাধ্যমে নদীর পানিপ্রবাহ সচল রাখা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “নরসুন্দা নদী কিশোরগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিনের অবহেলা ও দূষণে নদীটি তার স্বাভাবিক রূপ হারাতে বসেছে। নদীকে বাঁচাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। নরসুন্দাকে পুনরুজ্জীবিত করতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।”
আয়োজকরা জানান, শুধু একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে নরসুন্দা নদীকে স্থায়ীভাবে দখল ও দূষণমুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রমও হাতে নেওয়া হবে।
স্বেচ্ছাসেবীরা বলেন, নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ রক্ষা পেলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এ কার্যক্রমে অংশ নিয়েছেন।
নদীসংলগ্ন এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পর নরসুন্দা নদী রক্ষায় এমন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নিয়মিত অব্যাহত থাকলে নদীটি আবারও তার প্রাণ ফিরে পাবে বলে তারা আশা প্রকাশ করেন।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array