ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রেস ব্রিফিং
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য ১৯৯তম ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রেস ব্রিফিং করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় শোলাকিয়া ঈদগাহ মাঠে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, প্রতি বছরের মতো এবারও শোলাকিয়ার ঐতিহ্যবাহী ঈদ জামাতকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ মাঠসহ পুরো শহরকে ৮টি সেক্টরে ভাগ করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন থাকবে ৬০০ জন পুলিশ সদস্য, ২ প্লাটুন বিজিবি এবং ৫৫ জন র্যাব সদস্য। এছাড়া ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসক আরও জানান, পুরো ঈদগাহ এলাকা ও আশপাশে ৬৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫০টি অস্থায়ী ওজুখানা, ২০টি অস্থায়ী টয়লেট এবং ২০টি ইউরিনালের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দুটি ভ্রাম্যমাণ খাবার পানির ভ্যান, মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী প্রস্তুত রাখা হবে।
ব্রিফিংয়ে মুসল্লিদের প্রতি কিছু নির্দেশনাও দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ, ছাতা, লাঠি বা ধাতব বস্তু মাঠে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “শোলাকিয়ার ঈদ জামাতে আগত প্রত্যেক মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।”
জেলা প্রশাসক সোহানা নাসরিন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে ঈদ জামাত সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।







