তাড়াইলে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
তাড়াইল উপজেলা-এ স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ-এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। উপস্থিত ছিলেন তাড়াইল থানা-র অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদুল হক রতন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহেদ ভূঞা, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফরোজ আলম ঝিনুক, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর তাড়াইল উপজেলা কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান ভূঞাসহ কমিটির সদস্যরা।
সভায় গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, মামলার অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং বিচারসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, “গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প খরচে বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ কার্যক্রম পরিচালনায় আরও আন্তরিক হতে হবে।” তিনি বিচারসেবার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত মনিটরিং, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আইনি ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতকরণ, নীতিমালার যথাযথ বাস্তবায়ন, সংশ্লিষ্ট এনজিওগুলোর কার্যক্রম তদারকি, উপজেলা পর্যায়ে গ্রাম আদালত মনিটরিং সেল গঠন এবং নিয়মিত পরিদর্শন প্রতিবেদন জেলা কমিটির কাছে পাঠানোর বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তারা বলেন, গ্রাম আদালতের সুবিধা ও আইনি এখতিয়ার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও ব্যাপক সচেতনতা সৃষ্টি করা গেলে ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি হবে এবং জেলা আদালতের ওপর মামলার চাপও উল্লেখযোগ্যভাবে কমবে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array