সাংবাদিকের প্রতিবেদনে সাড়া, অসহায় আম বিক্রেতার পাশে উপজেলা প্রশাসন
একজন সাংবাদিকের মানবিক ভিডিও প্রতিবেদন বদলে দিল অসহায় এক নারীর জীবনের মোড়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই প্রতিবেদন দেখে কিশোরগঞ্জ সদর উপজেলার অসুস্থ ও অসহায় আম বিক্রেতা শিউলি বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। চিকিৎসা ব্যয়ের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁর পুনর্বাসনেরও আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।
জানা গেছে, গত ১৫ জুন গণমাধ্যমকর্মী নিজাম উদ্দীন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে শিউলি বেগমকে নিয়ে একটি সচিত্র ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে জীবিকার সংগ্রাম, শারীরিক অসুস্থতা এবং চরম আর্থিক সংকটে থাকা শিউলি বেগমের মানবিক চিত্র তুলে ধরা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং পরে তা কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফের নজরে আসে।
ইউএনও মো. কামরুল হাসান মারুফ বলেন, “ভিডিওটি দেখার পর আমি অত্যন্ত মর্মাহত হই। এরপর সাংবাদিক নিজাম উদ্দীনের সঙ্গে যোগাযোগ করে শিউলি বেগমের ঠিকানা সংগ্রহ করি এবং নিজেই তাঁর খোঁজ নিতে যাই।”
তিনি জানান, শিউলি বেগম বর্তমানে গুরুতর অসুস্থ। সম্প্রতি তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য তাৎক্ষণিক ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা ব্যয় যতটা সম্ভব কম রাখার অনুরোধও জানানো হয়েছে।
ইউএনও আরও বলেন, শিউলি বেগম সুস্থ হয়ে উঠলে তাঁর কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ সৃষ্টি কিংবা বিকল্প কোনো সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে তাঁকে স্থায়ীভাবে পুনর্বাসনের চেষ্টা করবে উপজেলা প্রশাসন।
স্থানীয় বাসিন্দাদের মতে, একজন গণমাধ্যমকর্মীর মানবিক প্রতিবেদন এবং প্রশাসনের দ্রুত সাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই।
সচেতন মহলের অভিমত, সমাজের প্রান্তিক মানুষের বাস্তব চিত্র গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা পাওয়ার সুযোগ বাড়ে। শিউলি বেগমের ঘটনাও তার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array