ব্রহ্মপুত্রে নৌকাডুবি: তীব্র স্রোতে নিখোঁজ সিরাজ উদ্দিনকে খুঁজছে ডুবুরি দল
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় সিরাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সিরাজ উদ্দিন ওই গ্রামের রাজা মোড়ল বাড়ির মৃত রইছ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে শনিবার দুপুর থেকে নতুন উদ্যমে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়।
নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে ঘটনাস্থলে একটানা অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। উদ্ধার কার্যক্রমে উপজেলা প্রশাসন, পাকুন্দিয়া থানা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন।
উদ্ধার অভিযান তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস এবং পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। গতকাল নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। আজ দুপুর থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টার দিকে ছেলে শাকিলকে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে ওপারে ঘাস কাটতে যান সিরাজ উদ্দিন। ঘাস কাটা শেষে বাবা ও ছেলে পৃথক দুটি ডিঙি নৌকায় বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং নদীতে তীব্র বাতাসের কারণে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়।
একপর্যায়ে বাতাসের প্রবল তোড়ে সিরাজ উদ্দিনের নৌকাটি ডুবে যায়। পাশে থাকা নৌকায় থাকা ছেলে শাকিল দ্রুত বাবাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে তিনি বাবাকে ধরতে বা নৌকায় তুলতে পারেননি। মুহূর্তের মধ্যেই সিরাজ উদ্দিন নদীর পানিতে তলিয়ে যান।
ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array