গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ এগিয়ে চলছে: তথ্যমন্ত্রী
সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, আইন সংশোধনের প্রক্রিয়াকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট অংশীজন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিক ও পত্রিকার সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
বুধবার রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাইবার সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় আইন আমরা সংশোধন করার উদ্যোগ নিয়েছি। এই প্রক্রিয়া আরও কার্যকর ও যুগোপযোগী করতে স্টেকহোল্ডার, বিভিন্ন টিভি চ্যানেলের মালিক ও পত্রিকা সম্পাদকদের সঙ্গে বসে আলোচনা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষ—সবাই যাতে সমানভাবে সুরক্ষা পান, সে লক্ষ্যে একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে চায় সরকার। আইন সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে অচিরেই আরও ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভোলা সদরের মোট ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগতভাবে ২৯ লাখ টাকা অনুদান দেন তথ্যমন্ত্রী। বুধবার রাতভর তিনি জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাব-সংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ ও সার্কুলার রোড পূজামণ্ডপ। সব মিলিয়ে তিনি মোট নয়টি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার অত্যন্ত আনন্দ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিক পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন—এটি অত্যন্ত আনন্দের বিষয়।
শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। পূজা কমিটির নেতাদের বরাত দিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, এবার পূজা চলাকালে ভোলায় কোথাও নিরাপত্তার শঙ্কা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, কেবল সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশাজীবীর ক্ষেত্রেই নয়, রাষ্ট্রীয় আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধমূলক ঘটনা ঘটলে প্রচলিত আইন অনুযায়ীই তার বিচার করা হবে।
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, তথ্যমন্ত্রী ও জেলার স্থানীয় সংসদ সদস্যদের কঠোর তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে এবার জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন।
অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকায় জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অসীম কুমার সাহা।






Disqus comments are not configured yet.