সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা সোচ্চার হয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বক্তারা বলেন, একজন তরুণ সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তাঁরা।
বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরামের কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি ও মফস্বল সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকিম মো. ফজলুর রহমান সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি অনলাইনভিত্তিক সাংবাদিকদের নামের তালিকা অন্তত জেলাওয়ারি প্রকাশের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ ছাড়া বিগত সরকারের আমলে ৫২ ও ৫৪ ধারার মাধ্যমে সাংবাদিকদের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা বাতিল করায় সরকারকে ধন্যবাদ জানান হাকিম মো. ফজলুর রহমান।
এদিকে, বুধবার (২১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মার্কেটে বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরামের কিশোরগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি হাকিম মো. ফজলুর রহমান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের মো. আব্দুল কাদির, দৈনিক ভোরের কাগজের ইবনে আবদুল্লাহ শাহজাহান, দৈনিক কিশোরগঞ্জের সুলতানা বেগমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতারা।
সভা শেষে জানানো হয়, আগামী ৭ নভেম্বর বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরামের কিশোরগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও আঞ্চলিক সম্পাদক পরিষদের কেন্দ্রীয় সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান।









Disqus comments are not configured yet.