সাজেকে অবরোধ ঘিরে তিন ঘণ্টা ধরে গোলাগুলি, আহত সেনা-পুলিশের ৭ সদস্য
রাঙামাটির সাজেক সড়কে অবরোধ চলাকালে পর্যটকবাহী গাড়িবহরে হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় অবরোধকারীদের সঙ্গে আলোচনার একপর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ। পরে প্রায় তিন ঘণ্টা ধরে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৬ থেকে ৭ জন সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
পুলিশ সুপার জানান, সাজেক থেকে ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছায়। সেখানে পর্যটকেরা অবরোধকারীদের মুখোমুখি হন। তাঁদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। তবে আলোচনার একপর্যায়ে অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
তিনি আরও জানান, ইটপাটকেল নিক্ষেপের পর অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে কাছাকাছি অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। এ পরিস্থিতিতে পর্যটকদের জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালাতে বাধ্য হন বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে। পরে দুপুর ১টার দিকে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আসে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে সেনাবাহিনীর চার থেকে পাঁচজন এবং পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। সব মিলিয়ে আহতের সংখ্যা অন্তত ছয় থেকে সাতজন। তবে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়নি।
পুলিশ সুপার জানান, বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাজেক ভ্রমণে যাওয়া পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে। সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ বাহিনীর প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।







Disqus comments are not configured yet.