হোসেনপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের দুই বছরের কারাদণ্ড
কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইমরান মিয়া অন্য একজনের হয়ে ভোট দিতে গেলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে প্রথমে আটক করেন। পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতকে জানানো হলে আদালত ঘটনাস্থলে এসে তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।







