শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জে ভোটগ্রহণ চলছে
কিশোরগঞ্জে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি ও প্রশাসনের তৎপরতায় ভোটকেন্দ্রগুলোতে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।
কিশোরগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম সকাল ৮টায় কিশোরগঞ্জের রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। একই কেন্দ্রে ভোট দেন সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হাজী ইসরাইল মিয়া এবং সাবেক কাউন্সিলর আশরাফুল আলম শামীম।
ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি এখন পর্যন্ত মোটামুটি সন্তোষজনক বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।







