রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

নবম পে–স্কেলে চার দফায় সচিবদের মতামত

রেজাউল হক প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নবম পে–স্কেলে চার দফায় সচিবদের মতামত

নবম পে–স্কেল প্রণয়নে সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে চার দফা বৈঠক সম্পন্ন করেছে পে কমিশন। ৭০ জনেরও বেশি সচিবের অংশগ্রহণে এসব সভায় আকাশচুম্বী দাবি না করে বাস্তবসম্মত ও বিবেচনাযোগ্য সুপারিশের ওপর জোর দেওয়া হয়েছে। রোববার (৩০ নভেম্বর) পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, অনলাইন মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনাও শেষ হয়েছে।

কমিশনের এক কর্মকর্তা জানান, এত বিপুল সংখ্যক সচিবের মতামত নেওয়া চ্যালেঞ্জিং ছিল। সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব না হওয়ায় চার ধাপে বৈঠক অনুষ্ঠিত হয়—প্রতিটি ধাপে ১৭ বা তার বেশি সচিব উপস্থিত ছিলেন। তাদের গুরুত্বপূর্ণ মতামত এখন পর্যালোচনায় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে গত সোমবার সচিবদের সঙ্গে প্রথম বৈঠক শেষে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আলোচনা ফলপ্রসূ হলেও অনেক সচিব অনুপস্থিত ছিলেন। তাই পরবর্তী ধাপেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করে আবার বৈঠক করা হয়। দ্রুতই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলেও তিনি জানান।

কমিশনের সদস্যরা জানিয়েছেন, সুপারিশ চূড়ান্ত করতে কাজ পূর্ণোদ্যমে চলছে এবং এর অর্ধেকের বেশি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী মাসেই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাস এ সুপারিশের মূল বিবেচ্য বিষয় হিসেবে রাখা হচ্ছে।

সম্প্রতি পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। বৈঠক শেষে তিনি জানান, কমিশনের অগ্রগতি সন্তোষজনক এবং চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণে কমিশন সদস্যদের মতামতই প্রাধান্য পাবে।

ভৈরব সড়ক সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
ভৈরব সড়ক সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের ভৈরবে সড়ক সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ফাহিম (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব সড়ক সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম ভৈরব পৌর এলাকার জগন্নাথপুর দক্ষিণপাড়ার স্বপন মিয়ার ছেলে। সে ভৈরব নদী বাংলা সেন্টার পয়েন্ট সংলগ্ন গাজী শাহীন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলটি নিজ গ্যারেজে রাখার উদ্দেশ্যে বের হয় ফাহিম। এর আগে মোটরসাইকেলে ত্রুটি দেখা দিলে আনুমানিক রাত ১১টার দিকে সেটি মেরামতের জন্য ভৈরবের দুর্জয় মোড় এলাকায় যায় সে। মেরামত শেষে মোটরসাইকেলটি ঠিকঠাক হয়েছে কি না, তা যাচাই করতে দুর্জয় মোড় থেকে ভৈরব সড়ক সেতু হয়ে আশুগঞ্জ প্রান্তের দিকে যাচ্ছিল ফাহিম।

এ সময় সেতুর ওপর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে যায় সে। পরে পথচারী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রুকুনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভৈরব হাইওয়ে থানার সহযোগিতায় নিহত ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নজরুল বর্ষ উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রুহুল আমিন প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
নজরুল বর্ষ উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কিশোরগঞ্জের তাড়াইলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী। স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান নাদিম।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন এবং তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কুতুবউদ্দিন আহমেদ।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

তাঁরা আরও বলেন, নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক আদর্শ বর্তমান সমাজে বিশেষভাবে প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের মধ্যে এই চেতনা ছড়িয়ে দিতে নিয়মিত সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

কিশোরগঞ্জে পোল্ট্রি খামারিদের মানববন্ধন, ডিম-মাংসের ন্যায্যমূল্যের দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে পোল্ট্রি খামারিদের মানববন্ধন, ডিম-মাংসের ন্যায্যমূল্যের দাবি

ডিম ও মাংসের ন্যায্যমূল্য নিশ্চিত এবং পোল্ট্রি খাদ্যসহ উৎপাদন উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন জেলার কয়েক শত পোল্ট্রি খামারি। একই সঙ্গে চলমান সংকট থেকে পোল্ট্রি খাতকে রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

সোমবার (৩১ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে খামারিরা বলেন, দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যয়ের তুলনায় বাজারে ডিম ও পোল্ট্রি পণ্যের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। এতে জেলার অনেক খামারি লোকসানের মুখে পড়েছেন। উৎপাদন খরচ বেড়ে গেলেও সেই অনুপাতে বাজারমূল্য না বাড়ায় পোল্ট্রি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

খামারিদের অভিযোগ, পোল্ট্রি খাদ্য, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনসহ উৎপাদন উপকরণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। অন্যদিকে ডিম ও মাংস বিক্রি করে উৎপাদন খরচও অনেক ক্ষেত্রে উঠে আসছে না। ফলে অনেক খামারি ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে আর্থিক সংকটে পড়েছেন।

মানববন্ধনে বক্তারা পোল্ট্রি শিল্পকে বহুজাতিক কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ থেকে রক্ষা, ডিম ও মাংসের ন্যায্যমূল্য নিশ্চিত এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তাঁরা বলেন, পোল্ট্রি খাত দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সংকট দীর্ঘায়িত হলে শুধু খামারিরাই ক্ষতিগ্রস্ত হবেন না, দেশের খাদ্যনিরাপত্তার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুর রহমান, সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, খামারি মো. শহীদ মল্লিক, আব্দুল ওয়াদুদ, বিপিআইএর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. সুলায়মান কবির ও হাফেজ মাওলানা রাশিদ আহমেদসহ জেলার বিভিন্ন পর্যায়ের খামারি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খামারিরা আশা প্রকাশ করেন, তাঁদের দাবিগুলো বিবেচনা করে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং পোল্ট্রি খাতের বর্তমান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।