বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ ১৪৩২

সীমান্তে কাস্তে হাতে ভাইরাল কৃষক বাবুলকে বিজিবির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সীমান্তে কাস্তে হাতে ভাইরাল কৃষক বাবুলকে বিজিবির সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে জিরো লাইনের কাছে কাস্তে হাতে প্রতিরোধ গড়ে তুলে ভাইরাল হন কৃষক বাবুল আলী। এবার সেই সাহসী কৃষককে সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

চলতি বছরের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশ ভূখণ্ডে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তখন বিজিবি সদস্যদের পেছনে মাটির বাঙ্কারে কাস্তে হাতে অবস্থান নেন কৃষক বাবুল। মুহূর্তেই তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বিজিবি জানায়, সীমান্তে আইন লঙ্ঘন করে বিএসএফ বাংলাদেশের ভেতরে বেড়া নির্মাণ শুরু করে এবং পরে ভারতীয় নাগরিকদের সহযোগিতায় বাংলাদেশের আমগাছ কেটে ফেলা হয়। এ পরিস্থিতিতে সীমান্তের মানুষকে সঙ্গে নিয়ে বিজিবি তীব্র প্রতিরোধ গড়ে তোলে, যা দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। এসময় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় আলোচনায় আসেন কৃষক বাবুল।

সংবর্ধনা পাওয়ার পর প্রতিক্রিয়ায় কৃষক বাবুল আলী বলেন, জানুয়ারির মতো ভবিষ্যতেও সীমান্তে কোনো আগ্রাসন দেখা দিলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। দেশের মাটি রক্ষায় তারা সবাই বদ্ধপরিকর বলেও তিনি জানান। ঘটনার দিন সম্পর্কে তিনি বলেন, বিএসএফ বেআইনিভাবে মাটি কাটতে শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়। দেশের জমি রক্ষায় বিজিবির পাশে দাঁড়ানোই ছিল তাঁর কর্তব্য।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন। তিনি সীমান্তসুরক্ষায় জনগণের সাহসিকতার প্রশংসা করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, ৫৩ ও ৫৯ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব সদস্যরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মৃত বিএনপি নেতা ডাবলুর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মৃত বিএনপি নেতা ডাবলুর জানাজা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়।

ডাবলুর ছোট ভাই ও মা লন্ডন থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর, চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএর সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ, সিআইপি আলহাজ সাহিদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু, সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন,
‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই দেশে আমরা এ ধরনের মৃত্যু প্রত্যাশা করি না। ডাবলুর মৃত্যুর সঠিক বিচার চাই। ভবিষ্যতে যেন আর কাউকে এভাবে প্রাণ দিতে না হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন,
‘জেলা পুলিশের পক্ষ থেকে আমরা অত্যন্ত মর্মাহত। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘটনার সুষ্ঠু বিচারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠান হাফিজা ফার্মেসির সামনে থেকে ডাবলুকে আটক করা হয়। পরে রাত ১২টার পর তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরাপত্তাহীনতা ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
নিরাপত্তাহীনতা ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

রিটে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশনের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে নির্বাচনী আসন সমঝোতা সংক্রান্ত পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় ১১ দলের পক্ষ থেকে ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, অনিবার্য কারণেই সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হয়েছে। তিনি জানান, এখনো কিছু প্রস্তুতির কাজ বাকি রয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের নতুন তারিখ জানানো হবে।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়েছিল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল।