নতুন নোট বিক্রি সম্পূর্ণ বেআইনি: বাংলাদেশ ব্যাংক
বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রতিটি উৎসবে নতুন নোটের চাহিদা থাকে। তবে নতুন নোটের প্রতি এই আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা ধীরে ধীরে ক্যাশলেস বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।”
মুখপাত্র আরও বলেন, নতুন নোট কোনো পণ্য নয় যে তা বিক্রি করা হবে। নতুন নোটকে পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। কেউ যদি এ ধরনের কাজে জড়িত থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখবে।
তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক থেকে যদি নতুন নোট বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হয় এবং তাতে কোনো কর্মকর্তা জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।







