ভৈরবে টাস্কফোর্সের অভিযানে ৪,০৪৮ পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৫
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা–সিলেট মহাসড়কের টোল প্লাজা ও পঞ্চবটী এলাকায় টাস্কফোর্সের পৃথক অভিযানে ৪ হাজার ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় সন্দেহভাজন হিসেবে রুমি বেগম (৩৬) ও সুভা (২২) নামের দুই নারীকে আটক করা হয়। পরে মহিলা পুলিশের মাধ্যমে তাদের দেহ তল্লাশি করে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে ভৈরবের পঞ্চবটী পুকুরপাড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মোনোয়ারা বেগম (৪০)-এর কাছ থেকে ৩৩ পুরিয়া হেরোইন এবং রোজিনা বেগম (৩৮)-এর কাছ থেকে ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় হেরোইন কিনতে এসে সেন্টু মিয়া নামের এক মাদকসেবীকেও আটক করা হয়।
পরে রুমি বেগম ও সুভাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকসেবী সেন্টু মিয়াকে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মোনোয়ারা বেগমকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং রোজিনা বেগমকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন টাস্কফোর্সের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম আজিমুল হক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার উপপরিচালক এনায়েত হোসেন, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূরসহ ভৈরব থানার পুলিশ সদস্যরা।
পরে উদ্ধার করা আলামত ধ্বংস করা হয়।
টাস্কফোর্সের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ এম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে পৃথক অভিযানে পঞ্চবটী এলাকায় মাদক উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array