বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

বাজিতপুরে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বাজিতপুরে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাহাগীর আলম মান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফজল হোসেন, বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন বাদল এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাওলানা শফিকুল ইসলাম।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

‘দৈনিক কিশোরগঞ্জ’ অনলাইনে ভিডিও প্রকাশ

হোসেনপুরে খাস জমিতে ভবন নির্মাণে নড়েচড়ে বসেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
হোসেনপুরে খাস জমিতে ভবন নির্মাণে নড়েচড়ে বসেছে প্রশাসন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর বাজার হাজীঘাট এলাকায় নরসুন্দা নদীর তীরে সরকারি খাস জমি ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেখানে আগে একটি ঘাট এবং পানি নিষ্কাশনের একটি কালভার্ট ছিল। অভিযোগ রয়েছে, কালভার্টটি ভরাট করে ভবন নির্মাণের চেষ্টা করছেন শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান স্বপন।

এ বিষয়ে ‘দৈনিক কিশোরগঞ্জ অনলাইন’-এ ‘কেউ কি দেখে না, নাকি দেখেও নীরব?’ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খাস জমিতে স্থাপনা নির্মাণ এবং নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি সংক্রান্ত বিষয়টি তার নজরে রয়েছে। এ বিষয়ে কাগজপত্র যাচাই ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং একই দিন ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরে দুপুর ১২টার আগেই সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শনে যান বলে জানা গেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, স্থাপনা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষকে তাদের কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের নির্মাণকাজ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান স্বপনের সঙ্গে সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যাওয়ার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

হোসেনপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
হোসেনপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হোসেনপুর পৌরসভার প্রশাসক মোহসী মাসনাদ।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অমান্য করে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পুমদী ইউনিয়নের পাইকুডা বিল এলাকায় অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহলে স্বস্তি প্রকাশ পেয়েছে।

ভৈরবে ‘নিরাপদ সড়ক চাই’–এর রোড ক্যাম্পেইন

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
ভৈরবে ‘নিরাপদ সড়ক চাই’–এর রোড ক্যাম্পেইন

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সড়কপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভৈরব প্রান্তে দুর্জয় মোড় ও এর আশপাশ এলাকায় রোড ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব প্রান্তের দুর্জয় মোড় ও সংলগ্ন এলাকায় এই রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা, উপজেলা প্রশাসন, এএসপি সার্কেল, হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক সমিতি এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, নিসচার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মো. আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, যুববিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য মো. জহিরুল হক ও লোকমান মিয়া, বাস মালিক সমিতির সভাপতি মো. বায়েছ মিয়া, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই যানজট নিরসন ও ট্রাফিক ক্যাম্পেইনের সময় দুর্জয় মোড়ের চারপাশের প্রায় ২০০ গজ এলাকায় কোনো পরিবহন যাত্রী ওঠানামা করেনি এবং বাস কাউন্টারগুলোও বন্ধ রাখা হয়। ফলে সামান্য সময়ের জন্যও যানজট সৃষ্টি হয়নি।

এতে যাত্রী, চালক ও পথচারীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু থাকলে ভৈরবে যানজট অনেকটাই কমে যাবে।

উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে ভৈরবে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।