শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রাজনৈতিক পরিচয়ে অনেক আহত জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি: ইশরাক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
রাজনৈতিক পরিচয়ে অনেক আহত জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি: ইশরাক

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক আহত জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এর ফলে অনেকে রাষ্ট্রের প্রতিশ্রুত চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া মহানগরের টিটু মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আহত ব্যক্তিদের সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হলে তাঁদের শারীরিকভাবে আরও সক্ষম করে তোলা যেত। রাজনৈতিক পরিচয়ের কারণে যাঁরা আহত ব্যক্তিদের গেজেটভুক্ত করেননি, তাঁদের এমন পদক্ষেপ নিন্দনীয়।

প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ চলছে। এ ক্ষেত্রে কারও রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না। গেজেট থেকে বাদ পড়া ব্যক্তিদের পুনরায় আবেদনের জন্য সীমিত সময়ের জন্য সুযোগ দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় সভাপতি উজ্জল হোসেন জোবায়েল।

এতে আরও বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, বগুড়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল হক নির্ঝর, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান গোলাম রহমান, ‘আমরা জুলাইযোদ্ধা’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল তুহিন এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ অনেকে।

২০২৭ সালের হজে ২৭০ মিশন ভিসা দেবে ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
২০২৭ সালের হজে ২৭০ মিশন ভিসা দেবে ধর্ম মন্ত্রণালয়

২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে টাকা জমার মূল রসিদ আগামীকাল রোববার (১১ অক্টোবর) মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাগজপত্র জমা দিতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ২০২৭ সালের হজ কার্যক্রমে নিবন্ধিত ১০০ জন বা তার বেশি হজযাত্রী রয়েছে—এমন ২৬০টি এজেন্সিকে একটি করে মিশন ভিসা দেওয়া হবে। এ ছাড়া নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১০০ জনের কম হলেও আটটি লিড এজেন্সি ও দুটি মোনাজ্জেম এজেন্সিকে একটি করে ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে ২৭০টি হজ মিশন ভিসা ইস্যু করা হবে।

নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছকে এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, এজেন্সির মালিক, মোনাজ্জেম বা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আগামীকাল রোববারের মধ্যে নির্ধারিত ০১৯২১-৪৬৭৭১৮ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্যের সফটকপি পাঠাতে হবে। পাশাপাশি এজেন্সির নিজস্ব প্যাডে স্বাক্ষরিত হার্ডকপিও জমা দিতে হবে।

মিশন ভিসা পাওয়ার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নির্ধারিত ভিসা ফি, ইনস্যুরেন্স ফি, ইলেকট্রনিক সার্ভিস ফি, জমজমের পানির ফি, লাগেজ পরিবহন ফি, তাঁবু ও মাশায়ের সার্ভিস ফিসহ অন্যান্য ফি জমা দিতে হবে। এসব অর্থ ধর্ম মন্ত্রণালয়ের অধীন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার ‘Sale Proceeds of Haj Deposit’ হিসাব নম্বর ০০২-০০০২৬৩০০০০৯০৮-এ জমা দিতে হবে।

টাকা জমার মূল রসিদ ঢাকার আশকোনায় অবস্থিত হজ অফিসে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বিমানভাড়াসহ যাতায়াত খরচ এবং সৌদি আরবে থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট মিশন ভিসাপ্রাপ্ত ব্যক্তি বা এজেন্সিকে নিজ দায়িত্বে বহন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিব, আশকোনা হজ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

ফ্যাসিবাদের চাপে বিশ্ববিদ্যালয়েও কথা বলা যায়নি: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
ফ্যাসিবাদের চাপে বিশ্ববিদ্যালয়েও কথা বলা যায়নি: রিজভী

বিগত সরকারের শাসনামলে ফ্যাসিবাদ এতটা বিস্তৃত হয়েছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি। এ জন্য তরুণদের প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিতে হবে।

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের শাসনামলে যখন মতপ্রকাশের স্বাধীনতা কঠিন ছিল, বিশ্ববিদ্যালয়গুলো যখন কর্তৃত্ববাদী শাসনের চাপে ছিল, তখনও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ব্যাপ্তি এতটা বিস্তৃত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না।’

রিজভী আরও বলেন, ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর মাধ্যমে তরুণদের মধ্যে কৌতূহল সৃষ্টি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর যে প্রয়াস নেওয়া হয়েছে, তা ভবিষ্যতে আরও সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তরুণদের প্রশ্ন করার প্রবণতা, নতুন কিছু জানার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

চুরি ও হামলায় জড়ালে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
চুরি ও হামলায় জড়ালে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

চুরি, শারীরিক আক্রমণ ও অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি ও অনুপ্রবেশের ঘটনায় জড়িত থাকলে ভিসা বাতিল হতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার প্রত্যাশা করা হয়।