দুর্গাপূজায় বিশৃঙ্খলার ষড়যন্ত্রের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, সরকারের কাছে তথ্য রয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘দুর্গোৎসব চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে তাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে।’ এ সময় তিনি আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতা দখল করে বসেছিল। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।’
তিনি অভিযোগ করেন, বিগত সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও তাদের জমিজমা দখল করা হয়েছে। মন্দিরে হামলার মতো ঘটনাও আওয়ামী লীগ সরকারের আমলেই বেশি হয়েছে বলে দাবি করেন তিনি। অথচ আওয়ামী লীগ এখন ভারতে বসে দেশের নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিতে মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র রুখে দিতে হবে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘ঢাকা শহরের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা একটি বিড়ম্বনা। অটোরিকশার কারণে যানজটে ঢাকা এখন বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। সরকার অটোরিকশা চলাচলে নীতিমালা করতে যাচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতেও সরকার আন্তরিকভাবে কাজ করছে। কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল এ নিয়ে রাজনীতি শুরু করেছেন।’
জামায়াত অটোরিকশাচালকদের নেপথ্যে থেকে আন্দোলনে ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খাঁন।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array