শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে
অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আক্তারকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। বুধবার জেলা প্রশাসক সুমনী আক্তার এ সিদ্ধান্ত নেন।
এর আগে বুধবার সকাল থেকে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে তার কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থীদের অভিযোগ, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বোর্ড ফি যথাক্রমে ২৩৩ ও ২৮২ টাকা হলেও তাদের কাছ থেকে ৩০০ ও ৪০০ টাকা করে নেওয়া হয়েছে। এ ছাড়া ৯ টাকা ৫০ পয়সা মূল্যের টিফিন সরবরাহ করে ভাউচারে ১৮ টাকা মূল্যের টিফিন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। ক্রীড়া ফান্ড ও আইসিটি ফান্ডের অর্থ অনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও করেন তারা।
পরে জেলা প্রশাসক সুমনী আক্তার বিদ্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক জাসমিন আক্তার বলেন, ‘আমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে, যা সঠিক নয়। কারও ইন্ধনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমি ছুটিতে এসেছি।’
জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণসহ বিভিন্ন অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের ছুটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ায় তারা আন্দোলন প্রত্যাহার করেছে।’











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array