মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কাদিয়ানী সম্প্রদায়কে নিয়ে চার দফা দাবিতে কিশোরগঞ্জ ডিসিকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কাদিয়ানী সম্প্রদায়কে নিয়ে চার দফা দাবিতে কিশোরগঞ্জ ডিসিকে স্মারকলিপি

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, পৃথক ধর্মীয় পরিচয় ব্যবহারে আইন প্রণয়নসহ চার দফা দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কাছে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ও হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখা।

রোববার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে আয়োজিত মহাসম্মেলন শেষে দাবিগুলোর সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুফতী ওমর আহমদ, ইমাম-উলামা পরিষদ কিশোরগঞ্জ সদরের সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ, জেলা প্রচার সম্পাদক মাওলানা আবদুর রহীম এবং অর্থ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান। এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে খতমে নবুওয়তের আকীদার গুরুত্ব তুলে ধরে বলা হয়, হজরত মুহাম্মাদ (সা.)-কে শেষ নবী হিসেবে বিশ্বাস করা ইসলামী আকীদার একটি অপরিহার্য বিষয়। স্মারকলিপিদাতাদের দাবি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা এই আকীদা অস্বীকার করায় মুসলিম উম্মাহর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তারা অমুসলিম।

তাদের অভিযোগ, কাদিয়ানী সম্প্রদায়ের সদস্যরা মুসলিম পরিচয় ব্যবহার করায় সাধারণ মুসলমানদের মধ্যে ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বিভ্রান্তি ও প্রতারণার সুযোগ তৈরি হচ্ছে।

স্মারকলিপিতে উত্থাপিত চার দফা দাবি হলো—

১. কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে পৃথক ধর্মীয় পরিচয় ব্যবহারে বাধ্য করতে আইন প্রণয়ন করা।

২. পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, নিকাহ্ রেজিস্ট্রি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি নথিতে তাদের পৃথক ধর্মীয় পরিচয় ব্যবহার নিশ্চিত করা।

৩. ইসলামী পরিভাষা, প্রতীক ও মসজিদ ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

৪. ধর্মীয় পরিভাষা ও মুসলিম জনজীবনে বিভ্রান্তি সৃষ্টিকারী সব ধরনের অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

স্মারকলিপিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ও হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, আল-জামিয়াতুল এমদাদিয়ার অধ্যক্ষ এবং ঐতিহাসিক শহীদী মসজিদের মুতাওয়াল্লী মাওলানা শাব্বির আহমাদ রশীদ স্বাক্ষর করেন।

স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

কিশোরগঞ্জ রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, চেয়ারম্যানের স্বাস্থ্যসেবা ক্যাম্পের ঘোষণা

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, চেয়ারম্যানের স্বাস্থ্যসেবা ক্যাম্পের ঘোষণা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কিশোরগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা ইউনিট কার্যালয়ে আয়োজিত বিশেষ সাধারণ সভা (ওজিএম) শেষে সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির পদাধিকারী ও সদস্যদের নাম ঘোষণা করা হয়।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সোহেল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

ঘোষিত কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. মো. আতিকুল সারোয়ার। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফুর রহমান চৌধুরী হেলাল।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুবুল আলম, মো. আব্দুল্লাহ আল মোহাইমিন (লাক মিয়া), মোস্তাক আহমেদ শাহীন, এ এফ এম ইমদাদ উল্লাহ ও আফতাব উদ্দিন মিলন।

সভাটি সঞ্চালনা করেন রেড ক্রিসেন্টের উপসহকারী পরিচালক ও ইউনিট লেভেল কর্মকর্তা মো. আব্দুল মোতালিব।

সভাপতির বক্তব্যে জেলা ইউনিটের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সোহেল খান জেলার মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু তাৎক্ষণিক উদ্যোগের ঘোষণা দেন। এর অংশ হিসেবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী ১৫ দিনের মধ্যে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে বিশেষায়িত চক্ষু ও ডেন্টাল ক্যাম্প আয়োজন করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আর্তমানবতার কল্যাণে রেড ক্রিসেন্টের সার্বিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বেগবান করতে নতুন কমিটির কার্যকর ভূমিকার পাশাপাশি স্থানীয় সুধীসমাজ ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।’

সভায় উপস্থিত সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির দায়িত্বশীল নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় দুর্যোগকালীন তৎপরতা, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।

শতভাগ সাক্ষরতার লক্ষ্য নিয়ে হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
শতভাগ সাক্ষরতার লক্ষ্য নিয়ে হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মীরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের বিষয় নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই সমৃদ্ধি অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে ঝরে পড়া শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার আলো ছড়িয়ে দিতে উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ‘সাক্ষরতা হলো সব উন্নয়নের প্রবেশদ্বার। একজন শিক্ষিত মা যেমন একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারেন, তেমনি একজন সাক্ষর ব্যক্তি তাঁর পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শতভাগ সাক্ষরতার কোনো বিকল্প নেই। হোসেনপুর উপজেলাকে শতভাগ সাক্ষর উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জালাল উদ্দীন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জালাল উদ্দীন

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের অংশ হিসেবে রোববার (৬ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনসহ আরও কয়েকজন সংসদ সদস্য।

অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তথ্য অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সরকারি কর্মকাণ্ডে সংসদীয় নজরদারির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।