হোসেনপুরের শাহেদলে ইউনিয়ন পরিষদ ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬ নম্বর শাহেদল ইউনিয়ন পরিষদ (ইউপি) ও আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেকসোনা খাতুন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সরকারি সেবা কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও এসব পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনের শুরুতে ইউএনও শাহেদল ইউনিয়ন পরিষদে গিয়ে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও নাগরিক সেবা প্রদানের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যুনিবন্ধন, ভিজিডি, ভিজিএফ, টিসিবিসহ বিভিন্ন সরকারি সেবার রেজিস্টার ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যবেক্ষণ করেন।
নাগরিকদের সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ ও হয়রানিমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ইউএনও। সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরে ইউএনও শাহেদল ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত কয়েকটি উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, গুণগত মান, ব্যয় এবং এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণ কতটা উপকৃত হচ্ছেন, সে বিষয়ে খোঁজ নেন।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি না করার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রকল্পের কাজে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ইউএনও।
এরপর ইউএনও মোছা. রেকসোনা খাতুন আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও বিদ্যালয়সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি, শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ইউএনও। তিনি বিদ্যালয়ের অবকাঠামো, ওয়াশ ব্লক এবং মিড-ডে মিল কার্যক্রমের বিষয়েও খোঁজখবর নেন।
বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার মান বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক।
পরিদর্শন সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেকসোনা খাতুন বলেন, “নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ শাহেদল ইউনিয়ন পরিদর্শন করেছি। সরকারি সেবা যাতে জনগণের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে এবং উন্নয়ন প্রকল্পগুলো যাতে মানসম্মত হয়, সেজন্যই এই পরিদর্শন। আশুতিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক। তবে আরও উন্নতির জন্য শিক্ষকদের আরও আন্তরিক হতে বলা হয়েছে।”
ইউএনওর এ পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি সেবা কার্যক্রম, উন্নয়ন প্রকল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array