কটিয়াদীতে বিদ্যুৎস্পর্শে কিশোরীর মৃত্যু, আহত মা-দাদি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মুষলধারে বৃষ্টির মধ্যে বসতঘরের টিনের চালে ছড়িয়ে পড়া বিদ্যুতে বিদ্যুৎস্পর্শে আমেনা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হয়েছেন তাঁর মা ও দাদি।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর অষ্টঘরিয়া (নয়াপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা আক্তার ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই ওই এলাকায় টানা ভারী বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজে আমেনা বাড়িতে ফিরে বসতঘরের টিনের দরজার সামনে হেলান দেন। এ সময় বিদ্যুৎস্পর্শে আটকে যান তিনি।
স্থানীয় সূত্র জানায়, পাশের একটি ঘরে মেরামতের কাজ চলছিল। ওই ঘর থেকে দাদির ঘরে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য ঝুলিয়ে রাখা জোড়াতালি দেওয়া একটি তারে লিকেজ ছিল। সেই লিকেজের কারণে বিদ্যুৎ টিনের চালে ছড়িয়ে পড়ে। পরে টিনের দরজায় হেলান দেওয়ার সঙ্গে সঙ্গে আমেনা বিদ্যুৎস্পর্শে আক্রান্ত হন।
আমেনাকে বিদ্যুৎস্পর্শে আক্রান্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর মা ও দাদিও বিদ্যুৎস্পর্শে আহত হন।
পরে পরিবারের সদস্যরা আমেনাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত মা ও দাদিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহত আমেনা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array