মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

পাকুন্দিয়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে মৃত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পাকুন্দিয়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে মৃত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাবীকে কুপিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজহারুল ইসলাম মিলন (২৪) কারাগারে মারা গেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল ও ময়নাতদন্তের জন্য আজহারুল ইসলামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃত আজহারুল ইসলাম পাকুন্দিয়া উপজেলা সদরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সায়েম উদ্দিন।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ জুন সকালে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই বাবুলের স্ত্রী তাসলিমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন আজহারুল ইসলাম।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাসলিমা আক্তারকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

তাসলিমা আক্তার পাকুন্দিয়া সদরের ছয়ছির গ্রামের ফজর আলী ও সৈয়দ বানুর মেয়ে।

ঘটনার পর ওই দিন দুপুরের দিকে আজহারুল ইসলাম নিজেই পাকুন্দিয়া থানায় গিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন।

পরদিন নিহত তাসলিমার ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে আজহারুল ইসলামকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্তের পর ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউল রাব্বী।

মামলাটির দীর্ঘ শুনানি শেষে ২০১৯ সালের ১০ জুন কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।

কিশোরগঞ্জ রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, চেয়ারম্যানের স্বাস্থ্যসেবা ক্যাম্পের ঘোষণা

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, চেয়ারম্যানের স্বাস্থ্যসেবা ক্যাম্পের ঘোষণা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কিশোরগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা ইউনিট কার্যালয়ে আয়োজিত বিশেষ সাধারণ সভা (ওজিএম) শেষে সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির পদাধিকারী ও সদস্যদের নাম ঘোষণা করা হয়।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সোহেল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

ঘোষিত কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. মো. আতিকুল সারোয়ার। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফুর রহমান চৌধুরী হেলাল।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুবুল আলম, মো. আব্দুল্লাহ আল মোহাইমিন (লাক মিয়া), মোস্তাক আহমেদ শাহীন, এ এফ এম ইমদাদ উল্লাহ ও আফতাব উদ্দিন মিলন।

সভাটি সঞ্চালনা করেন রেড ক্রিসেন্টের উপসহকারী পরিচালক ও ইউনিট লেভেল কর্মকর্তা মো. আব্দুল মোতালিব।

সভাপতির বক্তব্যে জেলা ইউনিটের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সোহেল খান জেলার মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু তাৎক্ষণিক উদ্যোগের ঘোষণা দেন। এর অংশ হিসেবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী ১৫ দিনের মধ্যে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে বিশেষায়িত চক্ষু ও ডেন্টাল ক্যাম্প আয়োজন করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আর্তমানবতার কল্যাণে রেড ক্রিসেন্টের সার্বিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বেগবান করতে নতুন কমিটির কার্যকর ভূমিকার পাশাপাশি স্থানীয় সুধীসমাজ ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।’

সভায় উপস্থিত সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির দায়িত্বশীল নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় দুর্যোগকালীন তৎপরতা, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।

শতভাগ সাক্ষরতার লক্ষ্য নিয়ে হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
শতভাগ সাক্ষরতার লক্ষ্য নিয়ে হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মীরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের বিষয় নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই সমৃদ্ধি অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে ঝরে পড়া শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার আলো ছড়িয়ে দিতে উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ‘সাক্ষরতা হলো সব উন্নয়নের প্রবেশদ্বার। একজন শিক্ষিত মা যেমন একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারেন, তেমনি একজন সাক্ষর ব্যক্তি তাঁর পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শতভাগ সাক্ষরতার কোনো বিকল্প নেই। হোসেনপুর উপজেলাকে শতভাগ সাক্ষর উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জালাল উদ্দীন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জালাল উদ্দীন

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের অংশ হিসেবে রোববার (৬ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনসহ আরও কয়েকজন সংসদ সদস্য।

অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তথ্য অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সরকারি কর্মকাণ্ডে সংসদীয় নজরদারির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।