করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।
অভিযান চলাকালে বিশেষ করে বসতবাড়ি ও এর আশপাশের আঙিনায় যাতে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি হতে না পারে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে—এমন স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
করিমগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক উম্মে মুসলিমার পরিচালনায় এ কর্মসূচিতে পৌরসভার প্রকৌশলী মো. আবু আহসান ভূইয়া, পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, উপজেলা যুবদলের সদস্যসচিব শিহাব উদ্দিন হানিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজ নিজ বাসস্থানের চারপাশ শুকনো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, কেবল সরকারি বা প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সর্বস্তরের মানুষের সচেতনতা, ব্যক্তিগত উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর প্রকোপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
পৌরসভার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা পৌর এলাকার সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানান।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array