মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে উত্তাল কিশোরগঞ্জ এ সংবাদ সম্মেলন

রেজাউল হক প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে উত্তাল কিশোরগঞ্জ এ সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের ইঙ্গিত অনুযায়ী, আগামী বুধবার (১০ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে। এমন গুরুত্বপূর্ণ সময়ে গত ২৩ নভেম্বর হতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সারাদেশের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির দ্বিতীয় দফার মনোনয়ন তালিকা প্রকাশিত হলে কিশোরগঞ্জ-০১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হন মো. মাজহারুল ইসলাম। তবে স্থানীয় নেতাকর্মী ও তৃণমূলের বৃহৎ অংশ এই মনোনয়ন প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন মনোনয়নপ্রত্যাশী ও স্থানীয় নেতাকর্মীরা পৃথক কর্মসূচিও পালন করতে থাকেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডস্থ (ফ্যাসিবাদী আমলের ১৭ বছর যাবৎ জেলা বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত)রেজাউল করিম খানের কার্যালয়ে বিএনপির পাঁচ শীর্ষ নেতা যৌথ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—

    সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালী, সাবেক বিভাগীয় স্পেশাল জজ ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হুসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান জনাব মাসুদ হিলালী তিনি বলেন, কিশোরগঞ্জ–হোসেনপুরের আপামর জনসাধারণের দুঃখ–দুর্দশা দূর করতে একজন যোগ্য প্রার্থী আশা করলেও এই এলাকায় শকুনের দৃষ্টি পড়েছে। দুইবার কিশোরগঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী হয়ে একবার জামানত বাজেয়াপ্তসহ গোহারা জনাব মাজহারুল ইসলাম স্বৈরাচারের দোসর, আওয়ামী নেতাদের বাসায় আশ্রয় গ্রহণকারী।

যেখানে সাধারণ কর্মীরা কথায় কথায় মামলা খেয়েছে, সেখানে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও মাজহার সাহেবের একটিও রাজনৈতিক মামলা নেই—এটা সম্ভব হয়েছে শুধু আওয়ামী লীগের সঙ্গে আঁতাত থাকার কারণেই। সংবাদ সম্মেলনে জেলা সভাপতি আলমের দিকে ইঙ্গিত করে আরো বলা হয়, অন্যের কাঁধে ভর দিয়ে সাধারণ সম্পাদক হওয়া এবং অন্যের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে মনোনয়ন পাওয়া মাজহারুলের মনোনয়ন বাতিল করে যোগ্য, ত্যাগী এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত যে–কোনো একজনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়।

মনোনয়ন বাতিলের দাবিতে ঘোষিত কর্মসূচি হলো—

    ৮ ডিসেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে শহর প্রদক্ষিণ করে মশাল মিছিল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) হোসেনপুর নতুন বাজারে বিকেল ৪:০০টাতে প্রতিবাদ গণসমাবেশ। বুধবার (১০ ডিসেম্বর) কিশোরগঞ্জ পুরানথানায় দুপুর ৩টা থেকে অবস্থান কর্মসূচি এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ আ. মান্নান (৩৫) নামে এক শীর্ষ মাদককারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আ. মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় তালিকাভুক্ত একজন শীর্ষ মাদককারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আ. মান্নান পালানোর চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং তরুণ সমাজকে বিপথগামী করছিলেন। মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, “মাদক ও কিশোর গ্যাং নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ সোরাপ মিয়া (৩২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরব লোকাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের লিখিত বক্তব্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সোরাপ মিয়া র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে দেশীয় মদ থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ইজিবাইকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫ (পঁচাত্তর) লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

আটক মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

নিকলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
নিকলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেস আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানটি বেলা ২টায় শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাদ্দাম হোসেন মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এতে কৃষিবিদরা স্থানীয় কৃষির উন্নয়ন, অধিক ফলন নিশ্চিতকরণ, উন্নত জাতের বীজ ব্যবহার, আধুনিক কৃষিযন্ত্রের সর্বোচ্চ প্রয়োগ এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, খাদ্য প্রক্রিয়াজাতকরণে গুণগত মান বজায় রাখা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিমুখী কৃষি উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য সংগ্রহ এবং তার সঠিক প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।

বর্তমান বোরো মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকদের ৮০ শতাংশ ধান পাকার সঙ্গে সঙ্গে দ্রুত ফসল কেটে নেওয়ার পরামর্শ দেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সামাদ, উপজেলা সমবায় কর্মকর্তা ছালেহা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন এবং নিকলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ উবাইদুল হক সম্রাটসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।