কিশোরগঞ্জ-৬ আসনের এমপি শরীফুল আলম শিল্প,বাণিজ্য,পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য মোঃ শরীফুল আলম শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভেসে বেড়াচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছার বার্তা। স্থানীয় নেতাকর্মীরা এটিকে ভৈরব-কুলিয়ারচরবাসীর জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তিনি এই দায়িত্ব পেয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, নতুন দায়িত্বে থেকে তিনি শিল্প ও বাণিজ্য খাতের পাশাপাশি পাট ও বস্ত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
স্বাধীনতার পর এই প্রথম কুলিয়ারচর থেকে একজন নেতা এমপি ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। যা বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
দলীয়ভাবে এটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- এর জন্যও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়ভাবে কুলিয়ারচর ও ভৈরব এলাকাজুড়ে সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।










