সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

হোয়াইটওয়াশের ‘লজ্জা’ নয়, জয় নিয়ে ফিরতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোয়াইটওয়াশের ‘লজ্জা’ নয়, জয় নিয়ে ফিরতে চায় বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজে হারের গ্লানি ভুলে এবার লক্ষ্য কেবল একটাই-হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

সিরিজের প্রথম ম্যাচেই ৫ উইকেটে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ৮১ রানের বড় ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হয়ে যায় মেহেদি হাসান মিরাজের দলের।

অথচ আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কারণ, এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল তারা। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেনি ওয়ানডে দলে।

হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা-এমনটাই মনে করছেন বিশ্লেষক ও অধিনায়ক মিরাজ নিজেও। টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটিং নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু সেখানকার জয়ের আড়ালে দুর্বলতা ঢাকা পড়ে গিয়েছিল। ওয়ানডেতে সেই সমস্যা প্রকটভাবে সামনে এসেছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতায় গড়পড়তা স্কোর গড়তে পারেনি বাংলাদেশ।

এই লড়াইয়ের আগে রিশাদ হোসেন বলছিলেন, ‘যেহেতু ২ ম্যাচ হেরেছি, আমাদের সবার প্ল্যান এখন শেষ ম্যাচ জিতে দেশে ফিরে পরের সিরিজে কীভাবে ভালো করা যায় সেটা দেখা।’

ব্যাটিং সমস্যা সামনে এসেছে আফগানিস্তান সিরিজে। এনিয়ে তারকা ক্রিকেটার রিশাদ বলছিলেন, ‘দেখুন, খারাপ দল ভালো দল না, আমরা সবাই ভুল করেছি। দল হিসেবে খারাপ সময় যাচ্ছে আমাদের। আলোচনা হচ্ছে দলে কীভাবে এটা নিয়ে কাজ করব, কীভাবে সামনের দিকে যাচ্ছি। সবাই সবার দিক থেকে ১১০% দিচ্ছে। আশা করছি এখান থেকে বের হয়ে আসব জলদি।’

দলের বর্তমান অবস্থা নিয়ে হতাশ হলেও আশা ছাড়েননি মিরাজ। অধিনায়ক বলেন, ‘টপ অর্ডারে আমাদের বড় জুটি দরকার ছিল। তাহলে ম্যাচের চিত্র আলাদা হতে পারত। কিন্তু কেউই দায়িত্ব নিতে পারেনি, যা হতাশাজনক, ‘এখনও একটি ম্যাচ বাকি। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। ব্যাটারদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

বাংলাদেশ ওয়ানডেতে এখন ভয়ানক দুর্দিনে। সর্বশেষ ১১ ম্যাচে ১০টি হার তাদের ফর্মের অবনতি স্পষ্ট করেছে। আফগানিস্তানের বিপক্ষে আগের দুই ম্যাচে সেই ব্যর্থতারই পুনরাবৃত্তি হয়েছে।

ওয়ানডেতে এখন পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর মধ্যে ১১টি জয় বাংলাদেশের, ১০টি আফগানদের। আজ যদি আফগানিস্তান জিতে যায়, তবে জয়-হারের প্রথমবারের মতো সমতায় পৌঁছাবে দুই দল। একইসঙ্গে বাংলাদেশকে দেবে ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গোলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ ও বিলাল সামি।

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে মৎস্যজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মৎস্যজীবীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নরসুন্দা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা নদী হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ জেলায় মূল নরসুন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৩০ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার)। একসময় কিশোরগঞ্জ শহরের প্রধান আকর্ষণ ছিল এই নদী; অদ্যাবধি এটি শহরকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে।

দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ স্থাপনায় সংকুচিত হয়ে পড়া নরসুন্দা নদী পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা শহরের নদীর দখলকৃত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি মাজহারুল ইসলাম বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করা গুরুতর অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নদীর জমি ভরাট কিংবা স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে দখলকারীদের চিহ্নিত করে তাদের অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, নদী পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই পরিকল্পনা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি নদীর সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা প্রস্তুত এবং পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী মহল নদীর তীর ভরাট করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করেছে। এতে বর্ষা মৌসুমে পানিপ্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী একসময় ছিল নাব্য ও প্রশস্ত। দীর্ঘদিনের দখল ও অব্যবস্থাপনার ফলে বর্তমানে নদীর প্রস্থ ও গভীরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নদী পুনরুদ্ধারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।