বিপিএলে নতুন রূপে ফ্র্যাঞ্চাইজিগুলো, ডিসেম্বরেই শুরু আসর
বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বদলের ঘটনা নতুন নয়। মালিকানা পরিবর্তনের সঙ্গে নামও পাল্টে যায় প্রায়ই। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজ উদ্যোগে দ্বাদশ বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে।
আগামী আসরে অংশ নেবে মোট পাঁচটি দল। এর মধ্যে দুটি দলের নাম অপরিবর্তিত থাকছে— ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।
ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবে রিমার্ক হারলেন, আর রংপুর রাইডার্সের মালিকানা থাকছে বসুন্ধরা কিংসের হাতে।
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস।
নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর দলটির নাম রাজশাহী ওয়ারিয়রস, আর ক্রিকেট উইথ সামির মালিকানায় খেলবে সিলেট টাইটানস।
বিসিবি জানিয়েছে, পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। নির্ধারিত সময়ে গ্যারান্টি না দিলে তারা প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে বিপিএলের দ্বাদশ আসর।







