আইপিএল ২০২৫ নিলামে স্থান পেলেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫-এর নিলাম। হাজারের বেশি খেলোয়াড় নিবন্ধনের পর তা ছেঁটে ৩৫০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন—রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রথমবারের মতো আইপিএলের নিলামের তালিকায় জায়গা পেল বাঁহাতি স্পিনার রাকিবুল।
৩৫০ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। নতুন অন্তর্ভুক্ত ৩৫ জনের মধ্যে শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগেও আছেন। এছাড়া, দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি ককও একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে যুক্ত হয়েছেন। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।
বিসিসিআই জানিয়েছে, নিলাম শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, পেসার ও স্পিনার ক্যাটাগরিতে। এরপর আনক্যাপড ক্রিকেটারদের নাম উঠবে নিলামে।







