তাড়াইলে গাছের ডালে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা (বগারবাইদ) গ্রামে বাড়ির পাশের একটি জামগাছের ডাল থেকে আবদুর রউফ (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পাশের জামগাছের ডালে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবদুর রউফকে দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। নিহত আবদুর রউফ ওই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ের জনক।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরের দিকে বাড়ির পাশে জামগাছের ডালে আবদুর রউফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল ৭টার দিকে তাড়াইল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, আবদুর রউফ দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) রিপন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array