রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

কিশোরগঞ্জে নারী উদ্যোক্তা সুমির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন-ইউনিসেফ

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে নারী উদ্যোক্তা সুমির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন-ইউনিসেফ

কিশোরগঞ্জে নারী উদ্যোক্তা সুমির প্রতিষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফ বাংলাদেশের POWER প্রকল্পের কর্মকর্তারা। এ সময় তারা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা, শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে খোঁজখবর নেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ রোডের উকিলপাড়ায় অবস্থিত ‘নারী উদ্যোক্তা সুমি’ প্রতিষ্ঠানে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বাড়ি থেকে কেন্দ্রে আসা-যাওয়ার পথে তাদের কোনো ধরনের হয়রানি বা ইভটিজিংয়ের শিকার হতে হয় কি না, রাস্তায় কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না—এসব বিষয়েও জানতে চান। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।

এ সময় প্রশিক্ষণার্থী কানিজ ফাতেমা জানান, অর্থের অভাবে তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে জানান তিনি।

তার কথা শুনে সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফের কর্মকর্তারা তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। সরকারি পর্যায়ে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ রয়েছে উল্লেখ করে তারা প্রশিক্ষণের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। নিজেদের দক্ষতা ও শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গড়ে তুলতে অন্যান্য প্রশিক্ষণার্থীকেও উৎসাহিত করেন তারা।

পরিদর্শনকালে বেকার ও অসহায় নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

কর্মকর্তারা জানান, প্রশিক্ষণ শেষে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। দক্ষতা অর্জনের পাশাপাশি নারীরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

২০১৯ সাল থেকে সরকারি নিবন্ধিত ‘নারী উদ্যোক্তা সুমি’ প্রতিষ্ঠানটি নারীদের বিনামূল্যে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির রেজিস্ট্রেশন নম্বর ১৫৩/২৪।

প্রতিষ্ঠানটিতে কম্পিউটার, সেলাই, কেক বেকিং, বিউটিশিয়ান, শোপিস তৈরি, হ্যান্ড স্টিচ, কুশিকাঁটা, ব্লক, এমব্রয়ডারি, বাটিক, হ্যান্ডপ্রিন্ট ও স্ক্রিন প্রিন্ট, আইসক্রিম তৈরি এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড প্রস্তুতিসহ মোট ১২টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের ভাষ্য, প্রশিক্ষণ নিয়ে অনেক নারী ইতোমধ্যে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। কেউ প্রতিষ্ঠানটিতেই কাজ করছেন, আবার কেউ নিজ বাড়িতে বসে বিভিন্ন পণ্য তৈরি করে অনলাইনে বিক্রির মাধ্যমে আয় করছেন। প্রশিক্ষণ ও সনদ নিয়ে কয়েকজন নারী দেশ-বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানান তারা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নারী উদ্যোক্তা সুমি বলেন, ‘আমি রাষ্ট্রবিজ্ঞানে এমএ সম্পন্ন করেছি। বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর, কিশোরগঞ্জে জেন্ডার প্রমোটার শিক্ষিকা হিসেবে কর্মরত আছি। পাশাপাশি বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড এবং ২০২৫ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরস্কার অর্জন করেছি। বর্তমানে ১২টি বিষয়ে দক্ষ প্রশিক্ষক হিসেবে কাজ করছি। পাশাপাশি জাতীয় যুব পুরস্কারের বিচারক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছি।’

সুমি বলেন, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বেকার, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীকে প্রশিক্ষণের আওতায় এনে তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই তার লক্ষ্য।

পরিদর্শন শেষে সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফ বাংলাদেশের POWER প্রকল্পের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি-২০২৬ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। তাদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, মাসুদা ইসলাম, শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী, কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ভালো ফলাফল অর্জনকারীদের পাশাপাশি যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। নিয়মিত অধ্যবসায় ও চেষ্টা থাকলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে সহজে হয়রানিমুক্ত ভূমিসেবা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে সহজে হয়রানিমুক্ত ভূমিসেবা

ভূমিসেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত এ কেন্দ্র থেকে জনসাধারণ বিনামূল্যে প্রয়োজনীয় বিভিন্ন ভূমিসেবা নিতে পারবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রূপা এবং জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

উদ্বোধন শেষে সংসদ সদস্য মাজহারুল ইসলামকে জেলা ভূমিসেবা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি কেন্দ্রটির মাধ্যমে নাগরিকদের কী ধরনের ভূমিসেবা দেওয়া হবে এবং কীভাবে এসব সেবা পাওয়া যাবে, সে বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার নাগরিকদের ভূমিসেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে এ ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটি ভূমি মন্ত্রণালয়ের একটি উদ্ভাবনী উদ্যোগ। কেন্দ্রটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জেলা প্রশাসন।

তিনি জানান, নাগরিকরা সরাসরি জেলা ভূমিসেবা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন। এর মাধ্যমে প্রতিদিন ভূমি উন্নয়ন কর দেওয়া, নামজারি ও জমাখারিজ, খতিয়ানের সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপ বা নকশা প্রাপ্তির আবেদনসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা পাওয়া যাবে।

জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত এ কেন্দ্রের মাধ্যমে এক জায়গা থেকেই নাগরিকরা প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে ভূমিসেবা গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমার পাশাপাশি সেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।

কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার দুপুরে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ দলের অন্যান্য নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির ঘটনা ঘটছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে।

বক্তারা অবিলম্বে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে একই দাবিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন এনসিপির নেতাকর্মীরা।