হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের ইন্তেকাল
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন কমান্ডার হাজী আলহাজ্ব নূর হোসেন ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে হোসেনপুর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখসোনা খাতুন জানান, একজন বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য মর্যাদা অনুযায়ী তাঁর দাফনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় তারা বলেন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের অবদান হোসেনপুরবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে জাতি একজন সূর্যসন্তানকে হারিয়েছে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মরহুমের জানাজায় সর্বস্তরের মানুষকে উপস্থিত হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array