হোসেনপুরে নববিবাহিত বরের গাড়ি থামিয়ে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জের হোসেনপুরে নববিবাহিত বরের মাইক্রোবাসের গতিরোধ করে গাড়ি ভাঙচুর এবং নববধূকে জোর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে রোববার সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন বলে অভিযোগ করেছেন বরের স্বজনরা। এ সময় তাঁরা মাইক্রোবাসটি ভাঙচুর করে এবং নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক গাড়ি থেকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।
ঘটনার আকস্মিকতায় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কনের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে নববধূকে তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিয়াদ মিয়া বা তাঁর পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array