হোসেনপুরে আদালতের নোটিশের পরও জমিতে ধান রোপণের অভিযোগ
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞামূলক নোটিশ জারির পরও বিরোধীয় জমিতে ধান রোপণ ও জোরপূর্বক দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিধবা নারী শাহানারা জাহান ও তাঁর দুই সন্তান প্রশাসনের কাছে প্রতিকার চেয়েছেন।
অভিযোগকারী শাহানারা জাহান ও তাঁর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি নিয়ে একই এলাকার সৈয়দ কামাল উদ্দিন ও তাঁর স্ত্রী মুক্তা বেগমের সঙ্গে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে ২০২৫ সালের নভেম্বরে হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে জমিতে মাটি কাটার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত আবেদন করেন তাঁরা।
জিডি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ নভেম্বর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কামাল মিয়া ও তাঁর স্ত্রী মুক্তা আক্তার শাহানারা জাহানের স্বামীর বসতভিটার সামনে গিয়ে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, জমি বিক্রি করতে হলে তাঁদের কাছে কম দামে বিক্রি করতে হবে, অন্যথায় শাহানারা ও তাঁর পরিবারের সদস্যদের মারধর, খুন-জখম এবং মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ১৬ নভেম্বর হোসেনপুর থানায় ৬৩৯ নম্বর জিডি করেন শাহানারা জাহান। পরে বিষয়টি অধর্তব্য অপরাধ হওয়ায় আদালতের অনুমতি নিয়ে তদন্তের জন্য আবেদন করে হোসেনপুর থানা।
এরপর ২০২৬ সালের ১৯ জানুয়ারি হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে শাহানারা জাহান, তাঁর মেয়ে নিশাত ফারজানা অর্নি ও ছেলে সৈয়দ সামসাদ আহমেদ ওয়াসিন অভিযোগ করেন, তাঁদের স্বামী ও বাবা মৃত সৈয়দ সিদ্দিকুর রহমানের নামে থাকা এবং উত্তরাধিকারসূত্রে তাঁদের দখলে থাকা জমিতে সৈয়দ কামাল উদ্দিন বেকু দিয়ে মাটি খনন করছেন।
আবেদনে আরও বলা হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কাটতে নিষেধ করার পরও তা অব্যাহত রাখা হয়। তাঁদের পক্ষের সৈয়দ আতাউর রহমান বাধা দিলে তাঁকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। একই সঙ্গে জমির আইল ভেঙে ক্ষতি করা হয়েছে দাবি করে আমিন দিয়ে জমি মাপিয়ে ক্ষতিপূরণ আদায়ের আবেদন জানান তাঁরা।
অভিযোগে উল্লেখ করা জমিটি হোসেনপুর উপজেলার মাছুয়া মৌজার এসএ খতিয়ান নম্বর ১৫৮, এসএ দাগ নম্বর ৪০৫, আরএস খতিয়ান নম্বর ৩৫২ ও আরএস দাগ নম্বর ১১৬৪-এর অন্তর্ভুক্ত। বিরোধীয় অংশের পরিমাণ ২৫ শতাংশ বলে নথিতে উল্লেখ রয়েছে।
এদিকে জমি নিয়ে বিরোধের জেরে শাহানারা জাহান বাদী হয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় সিআর মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে উভয় পক্ষকে বিরোধীয় জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয়।
হোসেনপুর থানার এএসআই মোজারুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার পাশাপাশি বিরোধীয় জমিতে অনুপ্রবেশ করে কোনো স্থাপনা নির্মাণ, পরিবর্তন, পরিবর্ধন বা সংস্কার কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট উভয় পক্ষকে নিজ নিজ সাক্ষ্য-প্রমাণসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে বলা হয়েছে।
তবে অভিযোগকারীর দাবি, আদালতের ওই নোটিশ জারির পরও সৈয়দ কামাল উদ্দিন ও তাঁর স্ত্রী মুক্তা বেগম বিরোধীয় জমিতে ধান রোপণ করেছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁরা শক্তি প্রদর্শন করছেন এবং কোনো ধরনের বাধা দিলে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন শাহানারা জাহান।
অভিযোগকারীর আরও দাবি, কামাল উদ্দিন বিভিন্ন সময় তাঁর শ্বশুরবাড়ির আত্মীয় লিটন মেম্বারকে সঙ্গে নিয়ে এলাকায় চলাফেরা করেন এবং এভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
এ বিষয়ে হোসেনপুর থানার এএসআই মোজারুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী উভয় পক্ষকে আগামী ৩০ আগস্ট প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি নিয়ে আদালতে হাজির হতে বলা হয়েছে। আদালত উভয় পক্ষের কাগজপত্র ও প্রমাণ পর্যালোচনা করে বিষয়টির নিষ্পত্তি করবেন।
অভিযোগের বিষয়ে সৈয়দ কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমেই হবে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array