চালক-যাত্রী দ্বন্দ্বের জেরে সিএনজি বন্ধ, ভোগান্তিতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়ার যাত্রীরা
কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যাত্রী ও সিএনজি অটোরিকশাচালকদের দ্বন্দ্বের জেরে গত রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ সড়কে চলাচলকারী যাত্রীরা। সিএনজি না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় পেছনের আসনে বসাকে কেন্দ্র করে এক নারী যাত্রীর সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। বিষয়টি জানার পর ওই নারীর স্বামী ও পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সদস্যসচিব মো. আব্দুল হাকিম স্ট্যান্ডে এসে চালকের কাছে ঘটনার কারণ জানতে চান।
এ সময় কয়েকজন সিএনজি চালক মিলে আব্দুল হাকিমকে মারধর করেন এবং তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে তাঁর স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সিএনজি চালকেরা স্ট্যান্ড থেকে তাঁদের অটোরিকশা নিয়ে সরে যান। এরপর থেকেই কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে সিএনজি চলাচল বন্ধ রয়েছে।
ভুক্তভোগী আব্দুল হাকিম বলেন, ‘আমার স্ত্রী মেয়েকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় কিশোরগঞ্জ যাচ্ছিল। এ সময় পেছনের সিটে বসা নিয়ে চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চালক আমার স্ত্রীর সঙ্গে অসদাচরণ করেন। খবর পেয়ে আমি স্ট্যান্ডে এসে এর প্রতিবাদ করলে কয়েকজন সিএনজি চালক মিলে আমার ওপর হামলা করেন এবং আমার জামাকাপড় ছিঁড়ে ফেলেন। বিষয়টি জানতে পেরে আমার স্বজনেরা ছুটে এলে চালকেরা সেখান থেকে চলে যান।’
পাকুন্দিয়া সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল মাস্টার মো. জীবন মিয়া ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি স্ট্যান্ডে উপস্থিত ছিলেন না। তবে তিনি শুনেছেন, কিশোরগঞ্জের কয়েকজন চালক মিলে পাকুন্দিয়ার এক যাত্রীকে মারধর করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়ার চালকদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় সিএনজি চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। একাধিক যাত্রী জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ গণপরিবহন বন্ধ করে দেওয়া অযৌক্তিক। সিএনজি না থাকায় তাঁদের অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। এতে বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা বেশি সমস্যায় পড়েছেন।
যাত্রীরা দ্রুত কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘একটি ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেল থেকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে একটি বৈঠক করা হয়েছে। দ্রুত সিএনজি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
প্রশাসনের উদ্যোগের পরও সড়কে সিএনজি চলাচল কখন স্বাভাবিক হবে, তা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত আলোচনার মাধ্যমে বিরোধের অবসান ঘটিয়ে জনদুর্ভোগ নিরসনের প্রত্যাশা করছেন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array