শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলায় মামলা, গ্রেফতার ৭

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলায় মামলা, গ্রেফতার ৭

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার (এডি. এসপি) শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, রাতে শামীম আনোয়ারের নেতৃত্বে একটি টহল দল পৌর শহরের আরশিনগর এলাকায় নিয়মিত টহলে ছিল। এসময় দুই ব্যক্তি চলন্ত যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে জানানো হয়, সড়কে চাঁদা তোলা হাইকোর্টের নিষেধাজ্ঞা সাপেক্ষে অবৈধ। পরে দুইজনকে আটক করলে হঠাৎ ৩০–৩৫ জন অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়।

হামলাকারীরা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারাত্মকভাবে আহত করে এবং আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। সহকর্মীরা আহত কর্মকর্তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সম্প্রতি সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন শামীম আনোয়ার। ওই ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন মহলের হুমকি ও চাপের মুখে ছিলেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের ওপর হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। এর অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হোসেনপুর থানা পুলিশ-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ঢেকিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় মো. খাইরুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিনে অপর অভিযানে উপজেলার সিদলা ইউনিয়নের চরকাটিহারী গ্রাম থেকে মোছা. নাছিমা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় রিটন মেম্বারের বোন বলে জানা গেছে। এ সময় তার কাছ থেকে প্রায় ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে হোসেনপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন।

অভিযান পরিচালনা করেন হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ও এসআই ঈদুল হোসেনসহ পুলিশের একটি দল।

এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৭/০৯। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে হোসেনপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

কিশোরগঞ্জে মেডিকেল বর্জ ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে মেডিকেল বর্জ ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় নতুন উদ্যোগ

কিশোরগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল-এর উদ্যোগে ‘মেডিকেল বর্জ ব্যবস্থাপনা প্রকল্প’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানা রোড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন মো. মাজহারুল ইসলাম, যিনি কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান, হাসপাতালের পরিচালক রিয়াদ আহমেদ তুষার, জেলা জামায়াতের নায়েবে আমির ও হয়বতনগর ইউএল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি এ কে নাছিম খান এবং কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-এর সভাপতি নূর মোহাম্মদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

পরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে মেডিকেল বর্জ ব্যবস্থাপনার গুরুত্ব ও কার্যপ্রণালী তুলে ধরে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুরুন্নাহার আফরিন।

অনুষ্ঠানে শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা অংশ নেন এবং প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, “মেডিকেল বর্জ সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।”

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মেডিকেল বর্জ সংগ্রহ, পরিবহন ও নিষ্পত্তির মাধ্যমে শহরের পরিবেশ দূষণ কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

১২ দিনের চাহিদা মেটাতে চট্টগ্রামে ভিড়ছে চার ডিজেলবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
১২ দিনের চাহিদা মেটাতে চট্টগ্রামে ভিড়ছে চার ডিজেলবাহী জাহাজ

সংগ্রহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ নিশ্চিতে বড় পদক্ষেপ হিসেবে প্রায় ১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চারটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব জ্বালানি দিয়ে দেশের প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

এর মধ্যে শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বাকি একটি ট্যাংকার আগামী রোববার বন্দরে ভিড়বে।

বন্দরে আসা জাহাজগুলো হলো— এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু। এ তিনটি ট্যাংকার শুক্রবার পৌঁছাবে বলে জানা গেছে। অপরদিকে, এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রোববার পৌঁছানোর কথা রয়েছে।

চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবগুলো জাহাজ বন্দরে পৌঁছাবে এবং যথাসময়ে জ্বালানি খালাস কার্যক্রম শুরু করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় সাড়ে ১২ হাজার টন। সে হিসেবে নতুন করে আসা এই ডিজেল দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণে সক্ষম হবে।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগাম মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অভ্যন্তরীণ বাজারে কোনো ঘাটতি তৈরি না হয়।